দেশের অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম সহজ করার লক্ষ্যে রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠানোর নিয়ম শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এই নতুন নির্দেশনার কথা জানিয়েছে। নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালায় এসব খাতে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে যে নির্দিষ্ট সীমা নির্ধারিত
দেশের অর্থনৈতিক অঞ্চলে (ইজেড) পরিচালিত প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক কার্যক্রম সহজ
করার লক্ষ্যে রয়্যালটি, কারিগরি জ্ঞান ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠানোর নিয়ম
শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার কেন্দ্রীয় ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে এই
নতুন নির্দেশনার কথা জানিয়েছে।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালায় এসব খাতে
বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে যে নির্দিষ্ট সীমা নির্ধারিত ছিল, অনুমোদিত ডিলার
(এডি) ব্যাংকগুলো এখন থেকে সেই সীমার বাইরেও অর্থ পাঠানোর অনুমতি দিতে পারবে। এই
বিশেষ সুবিধাটি মূলত অর্থনৈতিক অঞ্চলের অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায় (ডিপিএ)
কার্যরত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে কোনো প্রতিষ্ঠান যদি নির্ধারিত
সীমার চেয়ে বেশি পরিমাণ অর্থ বিদেশে পাঠাতে চায়, তবে সে ক্ষেত্রে বাংলাদেশ
অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পূর্বানুমোদন গ্রহণ করতে হবে।
রয়্যালটি ও কারিগরি ফি ছাড়াও অন্যান্য সমজাতীয় বৈধ ব্যয়ের বিপরীতে বিদেশে অর্থ
পাঠানোর ক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, বেজা’র পূর্বানুমতি নেওয়া
বাধ্যতামূলক করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে
জারিকৃত একটি সার্কুলারের বিধানসমূহ পর্যালোচনার পর এই সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। তবে বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে বিদ্যমান অন্যান্য যাবতীয় নিয়ম ও
বিধিবিধান পূর্বের মতোই অপরিবর্তিত থাকবে।











