বাংলাদেশ নারী ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার হতাশায় আত্মহত্যার চেষ্টা করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইশমা তানজিম। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে বিকেএসপিতে আয়োজিত ক্যাম্পের দ্বিতীয় ধাপে জায়গা না পেয়ে তিনি এই চরম পথ বেছে নেন। গত শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং গত রোববার তার জ্ঞান
বাংলাদেশ নারী ইমার্জিং দলের ক্যাম্প থেকে বাদ পড়ার হতাশায় আত্মহত্যার চেষ্টা
করেছেন জাতীয় দলের ক্রিকেটার ইশমা তানজিম। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরকে সামনে রেখে
বিকেএসপিতে আয়োজিত ক্যাম্পের দ্বিতীয় ধাপে জায়গা না পেয়ে তিনি এই চরম পথ বেছে নেন।
গত শুক্রবার (৩ জুলাই) আত্মহত্যার চেষ্টা করার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং
গত রোববার তার জ্ঞান ফেরে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় ওই রাতেই তাকে
বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে এই ক্রিকেটার নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দলের ক্যাম্পের প্রথম ধাপে ২৭ জন ক্রিকেটারের তালিকায় ইশমা থাকলেও, দ্বিতীয় ধাপের
২১ জনের চূড়ান্ত স্কোয়াড থেকে তাকে বাদ দেওয়া হয়। বাদ পড়ার কারণ হিসেবে টিম
ম্যানেজমেন্টের পক্ষ থেকে গোড়ালির ইনজুরি এবং ফিটনেস সমস্যার কথা জানানো হয়েছে। তবে
ইশমার দাবি, তিনি বর্তমানে সম্পূর্ণ ফিট আছেন এবং কেবল ইনজুরির অজুহাত দেখিয়েই তাকে
দল থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে দলের ভেতরে নানা প্রতিকূল পরিস্থিতির
শিকার হওয়ার কথাও তিনি ক্ষোভের সঙ্গে উল্লেখ করেছেন।
ক্রিকেটের প্রতি অসীম ভালোবাসার কারণেই এমন পরিস্থিতি মেনে নিতে পারেননি বলে
জানিয়েছেন এই ২৯ বয়সী অলরাউন্ডার। আবেগাপ্লুত হয়ে তিনি জানান, অর্থ উপার্জনের জন্য
নয়, বরং ভালোবেসেই তিনি ক্রিকেটকে আঁকড়ে ধরেছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচের
কোনো ছবি নিজের কাছে না থাকার তীব্র আক্ষেপও প্রকাশ করেন তিনি। চরম হতাশা থেকেই
তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন এবং শারীরিকভাবে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি বলে
জানিয়েছেন ইশমা।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা
হলেও তারা এই আত্মহত্যার চেষ্টার ঘটনাটি সম্পর্কে এখনো অবগত নন বলে জানিয়েছেন। তবে
বিসিবির একটি অভ্যন্তরীণ সূত্র নিশ্চিত করেছে যে, মূলত ফিটনেস ঘাটতির কারণেই তাকে
ক্যাম্পে রাখা হয়নি। উল্লেখ্য, ২৯ বছর বয়সী এই অলরাউন্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে
এখন পর্যন্ত তিনটি ওয়ানডে এবং চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।











