ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৫ জুন) ইসির মনির হোসেনের সই করা পৃথক সাতটি চিঠি সংশ্লিষ্ট দলগুলোর কাছে পাঠানো হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচন শেষ হওয়ার ৯০
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যয়ের বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে জমা না
দেওয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সহ সাতটি রাজনৈতিক দলকে কারণ দর্শানোর
নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৫ জুন) ইসির মনির হোসেনের সই করা পৃথক সাতটি চিঠি সংশ্লিষ্ট দলগুলোর
কাছে পাঠানো হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) এর ৪৪গগগ (১) অনুচ্ছেদ অনুযায়ী,
নির্বাচন শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর জন্য
নির্বাচনী ব্যয়ের নিরীক্ষিত হিসাব কমিশনে জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ব্যয়ের বিবরণী জমা না পাওয়ায়
প্রথমে গত ১৬ মার্চ চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে তা দাখিলের অনুরোধ করা হয়েছিল।
পরবর্তীতে আবারও ১৯ মে সতর্কীকরণ নোটিশ দিয়ে ১৩ জুনের মধ্যে হিসাব জমা দিতে বলা
হলেও নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও এই দলগুলো তা দাখিল করেনি।
আরপিওর ৪৪গগগ (৫) অনুচ্ছেদ অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব জমা দিতে ব্যর্থ
হলে কমিশন ১০ হাজার টাকা জরিমানা আরোপ করে সময় বাড়াতে পারে। এরপরও যদি কোনো দল
হিসাব দাখিল না করে, তবে তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিলেরও সুযোগ রয়েছে।
সরাসরি কারণ দর্শানোর এই নোটিশে দলগুলোর কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তাদের ওপর
১০ হাজার টাকা জরিমানাসহ ব্যয়ের হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হবে না। এ বিষয়ে
অনতিবিলম্বে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে লিখিত জবাব দিতে বলা
হয়েছে।
ইসির শোকজ পাওয়া এই সাতটি দল হলো—জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জাতীয়
পার্টি-বিজেপি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ কল্যাণ পার্টি, আমার বাংলাদেশ
পার্টি (এবি পার্টি), জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং আমজনতার দল।











