বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুততম সময়ের মধ্যে উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বারোপ করেন। বর্তমান সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুততম সময়ের মধ্যে উন্মুক্ত করতে
সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) সকালে পুত্রজায়ায় মালয়েশিয়ার
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক ও পরবর্তী যৌথ
সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বারোপ করেন। বর্তমান সরকার গঠনের পর এটিই
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর। বৈঠকে দুই দেশের
পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে জনশক্তি রপ্তানি, বাণিজ্য
বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী
আনোয়ার ইব্রাহিমকে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার উন্মুক্ত
করার বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছি। পাশাপাশি অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক
বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টিও উত্থাপন করেছি।’ শ্রমিক নিয়োগ
প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা একমত হয়েছি যে
শ্রমিক নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী, যাতে মধ্যস্বত্বভোগীদের
ভূমিকা কমে এবং শ্রমিকদের ব্যয় হ্রাস পায়।’
দ্বিপক্ষীয় এই বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী তারেক
রহমান এবং মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন আনোয়ার ইব্রাহিম। বৈঠকে দুই দেশের মধ্যে
সম্পর্ক আরও সুদৃঢ় করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, হালাল
শিল্প, সেমিকন্ডাক্টর এবং শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের পর উভয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি বিষয়ক একটি সমঝোতা স্মারকসহ
সন্ত্রাসবাদ দমন এবং বিনিয়োগ সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় দলিল বিনিময়
করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বক্তব্যে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের
১৯৭৯ সালের এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৯৯৩ সালের মালয়েশিয়া
সফরের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করেন। তিনি বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের
বিশ্বস্ত ও ঘনিষ্ঠ অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের মধ্যে দৃঢ়
সম্পর্কের ভিত্তিতে আমাদের এই বন্ধুত্ব গড়ে উঠেছে।’ একই সঙ্গে তিনি ২০২৬ সালের ১২
ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে অর্জিত গণম্যান্ডেটের কথা উল্লেখ করে বাংলাদেশে
একটি স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশের নিশ্চয়তা প্রদান করেন এবং মালয়েশীয়
ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান।
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে আলোচনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের
বিষয়ে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ। এ ছাড়া বাংলাদেশ আসিয়ানের
(ASEAN) সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে
(RCEP) যোগদানের বিষয়ে মালয়েশিয়ার সক্রিয় সহযোগিতা কামনা করে। পরিশেষে
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর
সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এই সফর দুই দেশের
ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে সংবাদ সম্মেলনে
আশা প্রকাশ করা হয়।











