বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেয়ে ইতিহাস গড়েছে মারাঠি ভাষার আধ্যাত্মিক ড্রামা ঘরানার সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। মাত্র ৮ থেকে ১০ কোটি রুপি বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটি ইতিমধ্যে প্রেক্ষাগৃহ থেকে ৮৯ কোটি রুপিরও বেশি আয় করেছে এবং দ্রুত ১০০ কোটির ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের নেপথ্যে পর্দার আড়ালে বড় ভূমিকা রেখেছেন বলিউড
বক্স অফিসে অভূতপূর্ব সাফল্য পেয়ে ইতিহাস গড়েছে মারাঠি ভাষার আধ্যাত্মিক ড্রামা
ঘরানার সিনেমা ‘দেউল ব্যান্ড ২’। মাত্র ৮ থেকে ১০ কোটি রুপি বাজেটে নির্মিত এই
চলচ্চিত্রটি ইতিমধ্যে প্রেক্ষাগৃহ থেকে ৮৯ কোটি রুপিরও বেশি আয় করেছে এবং দ্রুত ১০০
কোটির ক্লাবের দিকে এগিয়ে যাচ্ছে। তবে এই অভাবনীয় বাণিজ্যিক সাফল্যের নেপথ্যে
পর্দার আড়ালে বড় ভূমিকা রেখেছেন বলিউড মেগাস্টার শাহরুখ খান, যিনি মুক্তির ঠিক
আগমুহূর্তে এক বড় প্রযুক্তিগত ও আর্থিক সংকট থেকে সিনেমাটির নির্মাতাদের রক্ষা
করেছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির পরিচালক প্রবীণ তার্দে জানান, ‘দেউল ব্যান্ড ২’
প্রেক্ষাগৃহে মুক্তির জন্য থিয়েটার রিলিজ ফরম্যাট বা ডিসিপি-র প্রয়োজন ছিল। এর জন্য
তাঁরা শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’-এর দ্বারস্থ হন।
নির্মাতাদের ধারণা ছিল এই প্রক্রিয়ায় হয়তো ১২ লাখ রুপির মতো খরচ হতে পারে, কিন্তু
রেড চিলিস থেকে তাদের প্রায় ৪২ লাখ রুপির একটি বড় বিল দেওয়া হয়। সীমিত বাজেটের
কারণে সেই মুহূর্তে এত বিশাল অঙ্কের অর্থ পরিশোধ করার মতো কোনো সাধ্য বা উপায়
নির্মাতাদের জানা ছিল না।
এমতাবস্থায় সিনেমার নির্মাতারা রেড চিলিসের কাছে গিয়ে তাদের আর্থিক সংকটের কথা খুলে
বলেন এবং বড় পরিসরে সিনেমাটি মুক্তির জন্য সহযোগিতা কামনা করেন। বিষয়টি শাহরুখ
খানের কান পর্যন্ত পৌঁছালে তিনি তাঁর টেকনিক্যাল টিমের কাছে এই সিনেমা ও এর
নির্মাতাদের সম্পর্কে খোঁজ নেন। টিম তাঁকে জানায়, এই সিনেমার নির্মাতারাই এর আগে
প্রশংসিত মারাঠি ছবি ‘মুলশি প্যাটার্ন’ তৈরি করেছিলেন, যা পরবর্তীতে সালমান খানের
‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ নামে হিন্দিতে রিমেক হয়েছিল। পূর্বপরিচিত সেই কাজের
সূত্র ধরে শাহরুখ যখন জানতে পারেন যে একটি ভালো আবেগঘন সিনেমা কেবল অর্থের অভাবে
আটকে আছে, তখন তিনি তাৎক্ষণিকভাবে বিলের বিষয়টি পরে দেখার নির্দেশ দিয়ে দ্রুত
ডিসিপি হস্তান্তরের ব্যবস্থা করেন।
পরিচালক প্রবীণ তার্দে শাহরুখের এই নিঃশর্ত সহায়তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে
বলেন, যখন সিনেমাটির সাফল্যের কোনো নিশ্চয়তা ছিল না, তখন শাহরুখ খান মারাঠি সিনেমার
প্রতি সম্মান দেখিয়ে পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর এই সময়োচিত অবদান না থাকলে সিনেমাটি
হয়তো আলোর মুখই দেখত না। উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া সফল সিনেমা ‘দেউল
ব্যান্ড’-এর সিকুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্রে ভারতের কৃষকদের আত্মহত্যার মতো
সংবেদনশীল বিষয়ের পাশাপাশি ভক্তি বনাম নাস্তিকতার মনস্তাত্ত্বিক লড়াই ফুটিয়ে তোলা
হয়েছে।











