বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে মরক্কো শিবির। চোটের কারণে নিজেদের স্কোয়াডে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বাধ্য হয়েছে উত্তর আফ্রিকার দলটি। দলের অন্যতম নির্ভরযোগ্য উইঙ্গার আবদে এজালজুলি এবং রক্ষণভাগের অতন্দ্র প্রহরী নায়েফ অগার্ড ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ
বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে মরক্কো শিবির। চোটের
কারণে নিজেদের স্কোয়াডে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে বাধ্য হয়েছে উত্তর
আফ্রিকার দলটি। দলের অন্যতম নির্ভরযোগ্য উইঙ্গার আবদে এজালজুলি এবং রক্ষণভাগের
অতন্দ্র প্রহরী নায়েফ অগার্ড ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।
রিয়াল বেটিসের ফরোয়ার্ড এজালজুলি গত সপ্তাহে নরওয়ের বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ
নিতে গিয়ে হাঁটুর চোটে পড়েন। ফিফার হালনাগাদ করা খেলোয়াড় তালিকা অনুযায়ী, তার
পরিবর্তে মরক্কো দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এ্যাঙ্গার্সের ফুটবলার আমিনে সাবাইকে।
অন্যদিকে, মার্সেইর সেন্টার-ব্যাক নায়েফ অগার্ডের ঊরুর অস্ত্রোপচার হয়েছিল গত
মার্চ মাসে, এরপর থেকে তিনি আর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরতে পারেননি। আসন্ন আসরে
তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি না নিতেই এই ডিফেন্ডারকে স্কোয়াডের বাইরে রেখেছে
মরক্কো। অগার্ডের শূন্যস্থান পূরণে দলে ডাক পেয়েছেন মারওয়ানে সাদানে।
দলের এই পরিবর্তন নিয়ে মরক্কোর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো
মন্তব্য পাওয়া না গেলেও, অধিনায়ক আশরাফ হাকিমি তার দুই সতীর্থের ছিটকে যাওয়ার ঘটনায়
আবেগঘন বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসজি তারকা হাকিমি লিখেছেন,
‘ফুটবল অনেক সময় নিষ্ঠুর হতে পারে। প্রথম দিন থেকে তুমি দলকে যা দিয়েছো তার জন্য
ধন্যবাদ। আমরা সবাই তোমাদের জন্য লড়াই করবো। আমরা তোমাদের ভালোবাসি।’
আগামী শনিবার দিবাগত রাতে নিউ জার্সিতে গ্রুপ-সি’র হাইভোল্টেজ ম্যাচে পাঁচবারের
বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে মরক্কো।











