বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গত সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো নাটকের দল ‘দৃশ্যকাব্য’-এর নতুন প্রযোজনা ‘ইডিপাস’। মানুষের আত্ম-চেতনার গভীর অনুসন্ধান এবং ভাগ্য ও মানব নিয়তিকে কেন্দ্র করে প্রাচীন এই গ্রিক নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্বখ্যাত নাট্যকার সফোক্লিস রচিত কালজয়ী নাটক ‘ইডিপাস রেক্স’ অবলম্বনে এই প্রযোজনাটি সাজানো হয়েছে। প্রয়াত সাহিত্যিক সৈয়দ আলী আহসানের
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে গত সোমবার
সন্ধ্যায় মঞ্চস্থ হলো নাটকের দল ‘দৃশ্যকাব্য’-এর নতুন প্রযোজনা ‘ইডিপাস’। মানুষের
আত্ম-চেতনার গভীর অনুসন্ধান এবং ভাগ্য ও মানব নিয়তিকে কেন্দ্র করে প্রাচীন এই গ্রিক
নাটকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বিশ্বখ্যাত নাট্যকার সফোক্লিস রচিত কালজয়ী নাটক
‘ইডিপাস রেক্স’ অবলম্বনে এই প্রযোজনাটি সাজানো হয়েছে। প্রয়াত সাহিত্যিক সৈয়দ আলী
আহসানের করা অনুবাদে নাটকটির নির্দেশনা দিয়েছেন হাবিব মাসুদ।
শাশ্বত ট্র্যাজেডির এই নাটকে মানুষের জীবনের অনিবার্য পরিণতি এবং সত্য অনুসন্ধানের
যে গভীর যন্ত্রণা, তা অত্যন্ত শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। নাটকের কাহিনীতে দেখা
যায়, প্রধান চরিত্র ইডিপাস কীভাবে নিজের অজান্তেই নিয়তির জালে আটকা পড়েন এবং শেষ
পর্যন্ত এক চরম সত্যের মুখোমুখি হন। মানব মনের অন্তর্দ্বন্দ্ব এবং ব্যক্তিগত
নৈতিকতার সংকট এই প্রযোজনার পরতে পরতে ফুটিয়ে তোলা হয়েছে, যা উপস্থিত দর্শকদের জন্য
এক গভীর চিন্তার খোরাক জোগায়।
নাটকটি মঞ্চে আনার প্রেক্ষাপট সম্পর্কে নির্দেশক হাবিব মাসুদ জানান, বর্তমানের
সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে বিশাল শূন্যতা ও নেতৃত্বহীনতা পরিলক্ষিত হচ্ছে, তা
থেকেই ‘ইডিপাস’ নির্মাণের অনুপ্রেরণা পেয়েছেন। তাঁর মতে, ইডিপাস মূলত এমন এক জনপদের
গল্প যারা অনন্ত অন্ধকার ও দিশাহীনতার মাঝে ডুবে আছে। নিয়তিকে অতিক্রম করার যে
আর্তনাদ ইডিপাসকে ট্র্যাজিক হিরো হিসেবে মহান করে তোলে, শেষ পর্যন্ত সে নিয়তির
কাছেই পরাজিত হয়। এই অনিবার্য পরাজয় এবং লড়াকু মানসিকতা বর্তমান সময়ের মানুষের
জীবনবোধের সাথেও সামঞ্জস্যপূর্ণ।
প্রযোজনাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন একঝাঁক
প্রতিভাবান শিল্পী। কেন্দ্রীয় ও পার্শ্ব চরিত্রগুলোতে অভিনয় করেছেন এইচ এম মোতালেব,
ঝুমু মজুমদার, আহাদ বিন মুর্তজা, নাইমুল ইসলাম সিয়াম, মো. মুন্না মোল্লা, আশিকুল
ইসলাম, রিমন সাহা এবং উৎপল চন্দ্র বর্মন। এছাড়াও কান্তা কামরুন, ওমর ফারুক খান
ফাহিম, পায়েল আহমেদ, আফরোজা বিথী, মো. রিয়াজুল করিম রিয়াজ, রিয়া হোসেন ও হীরালাল
দাসের বলিষ্ঠ অভিনয় নাটকটিকে প্রাণবন্ত করে তোলে। সব মিলিয়ে ‘ইডিপাস’ মঞ্চায়নের
মাধ্যমে দৃশ্যকাব্য নাট্যপ্রেমীদের প্রাচীন থিবি নগরীর রাজপ্রাসাদের সেই ঐতিহাসিক
আবহে ফিরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে।











