দেশি ও বিদেশি ঋণের এক নিদারুণ আবর্তে পড়ে হাঁসফাঁস করছে বাংলাদেশের অর্থনীতি। দেশের মোট ঋণের স্থিতি আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ কোটি টাকার ওপরে। এই বিপুল ঋণের সঙ্গে যুক্ত হয়েছে বিশাল রাজস্ব ঘাটতি—চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই যা ৬৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। রপ্তানি আয়েও নেই কোনো আশাবাজির আলো। একদিকে পুঞ্জীভূত ঋণের কিস্তি পরিশোধের
দেশি ও বিদেশি ঋণের এক নিদারুণ আবর্তে পড়ে হাঁসফাঁস করছে বাংলাদেশের অর্থনীতি।
দেশের মোট ঋণের স্থিতি আকাশ ছুঁয়ে দাঁড়িয়েছে প্রায় ২৩ লাখ কোটি টাকার ওপরে। এই
বিপুল ঋণের সঙ্গে যুক্ত হয়েছে বিশাল রাজস্ব ঘাটতি—চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেই যা
৬৫ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। রপ্তানি আয়েও নেই কোনো আশাবাজির আলো। একদিকে
পুঞ্জীভূত ঋণের কিস্তি পরিশোধের রূঢ় বাস্তবতা, অন্যদিকে সাধারণ মানুষের পিঠে চড়তে
থাকা করের চাবুক—সব মিলিয়ে উচ্চ মূল্যস্ফীতির বাজারে অর্থনীতি ঋণের ফাঁদে পড়ে যেন
চিড়েচ্যাপ্টা হওয়ার উপক্রম হয়েছে।
এই দমবন্ধ পরিস্থিতির মধ্যেই আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার এক
বিশাল আকৃতির বাজেট প্রণয়নের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সরকার। একদিকে ঋণের জোয়াল,
অন্যদিকে সাধারণ নাগরিক ও মধ্যবিত্তের ক্ষোভ প্রশমন- এই দুই চ্যালেঞ্জ মোকবিলায়
গলদঘর্ম প্রশাসন। ফলে রাজস্বের নতুন উৎস সন্ধানে কর কাঠামোতে আনা হচ্ছে বৈপ্লবিক
পরিবর্তন।
কর কাঠামোতে রূপান্তর: সাধারণের স্বস্তি বনাম বিলাসের মাশুলজাতীয় রাজস্ব বোর্ডের
(এনবিআর) সাম্প্রতিক খসড়া পর্যালোচনা বৈঠক থেকে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের
জন্য বেশ কিছু যুগান্তকারী ও স্পর্শকাতর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামষ্টিক অর্থনীতির
তীব্র চাপের মধ্যেও মধ্যবিত্ত ও সাধারণ ভোক্তাদের কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা
দেখা গেছে এই নীতিমালায়।
মধ্যবিত্তের পকেটে স্বস্তির হাওয়া মূল্যস্ফীতির আগুনে পুড়তে থাকা সাধারণ মানুষকে
কিছুটা নিঃশ্বাস নেওয়ার সুযোগ দিতে ব্যক্তির করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে
৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে, দেশের ব্যাংকিং ব্যবস্থায় ক্ষুদ্র
আমানতকারীদের উৎসাহিত করতে ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমার ক্ষেত্রে কোনো ধরনের
আবগারি শুল্ক না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো—চাল,
ডাল, চিনি ও খেজুরসহ দৈনন্দিন জীবনের সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর বিদ্যমান
উৎসে কর বাড়ানো হচ্ছে না; তা আগের মতোই দশমিক ৫০ শতাংশে অপরিবর্তিত থাকছে।
বিলাসবহুল জীবনযাত্রায় কঠোর নজরদারিবাজেট ঘাটতি মেটাতে ও সামাজিক সমতা ফেরাতে
বিত্তশালীদের ওপর করের বোঝা আরও সুনির্দিষ্ট করা হচ্ছে। আগামী অর্থবছর থেকেই দেশে
প্রথমবারের মতো ১ শতাংশ হারে সম্পদ কর ব্যবস্থা চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। এছাড়া, তরুণ প্রজন্ম ও ডিজিটাল অর্থনীতির একটি বড় অংশকে করের আওতায় আনতে
অনলাইন গেমিংয়ের ওপর ২৫ শতাংশ উৎসে কর বসানো হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কাটি আসছে
বিলাসবহুল গাড়ি আমদানিকারক ও ব্যবহারকারীদের ওপর।
পরিবেশবান্ধব যাতায়াতকে উৎসাহিত করতে দামি বৈদ্যুতিক গাড়ি বাদে সব ধরনের সাধারণ
বৈদ্যুতিক প্রাইভেট কারের কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হলেও, ৩ হাজার ৫০০ সিসির বেশি
বা সমমানের বিলাসবহুল ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর ২ লাখ টাকা থেকে একলাফে বাড়িয়ে
১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মধ্যবিত্তের ব্যবহার্য ১ হাজার ৫০০ সিসির
গাড়ির ক্ষেত্রে এই কর ২৫ হাজার টাকাই থাকছে।
নতুন রাজস্বের খোঁজে ডিজিটাল ও অপ্রচলিত খাতরাজস্বের পরিধি বাড়াতে এবার কেরু
অ্যান্ড কোম্পানির উৎপাদিত মদের ওপর নতুন করে মূল্য সংযোজন কর (ভ্যাট) বসানোর
পরিকল্পনা করছে সরকার। পাশাপাশি করের জাল সম্প্রসারণে এখন থেকে যেকোনো ব্যাংক
অ্যাকাউন্ট খুলতে বাধ্যতামূলক করা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর বা বিআইএন।
তবে এই প্রক্রিয়াকে আমলাতান্ত্রিক জটিলতামুক্ত করতে কোনো ভ্যাট কর্মকর্তার
অনুমোদনের প্রয়োজন রাখা হয়নি; আবেদন করলেই তাৎক্ষণিকভাবে পাওয়া যাবে বিআইএন। এছাড়া
দেশের সড়ক ও গ্রামীণ অর্থনীতিতে দাপিয়ে বেড়ানো মোটরবাইক এবং ব্যাটারিচালিত রিকশাকেও
এবার নতুন ট্যাক্সের আওতায় আনার রূপরেখা তৈরি করা হচ্ছে।
ঘাটতি বাজেটের সমীকরণ: ঋণ দিয়ে ঋণ শোধের বিপজ্জনক খেলা আগামী ২০২৬-২৭ অর্থবছরের
জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেটে বিশাল অংকের ঘাটতি রয়ে গেছে। এই
বাজেটে সরকারের নিজস্ব রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি
টাকা। অর্থাৎ, প্রায় ২ লাখ ৩৫ হাজার কোটি টাকার ঘাটতি মেটাতে সরকারকে আবারো সেই চড়া
সুদের দেশি-বিদেশি ঋণের ওপরই নির্ভর করতে হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ঘাটতি পূরণের
জন্য বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১০ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ ব্যাংকিং ও
অ-ব্যাংকিং উৎস থেকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা
হয়েছে। শুধু তাই নয়, রাজস্ব আদায়ের চেনা স্থবিরতা ও সম্ভাব্য ঘাটতির শঙ্কা মাথায়
রেখে বাজেট সহায়তা হিসেবে আরও প্রায় ৪৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার আগাম প্রস্তুতি
চালানো হচ্ছে।
ইতিহাসের দায় ও বর্তমানের ক্ষত : রকেট গতিতে বাড়ল ঋণ। এই অর্থনৈতিক চোরাবালির
সূত্রপাত কিন্তু হঠাৎ করে হয়নি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিগত দেড় দশকের
শাসন আমলে দেশের ঋণের গ্রাফ রকেট গতিতে ঊর্ধ্বমুখী হয়েছে। ২০০৯ সালে যখন শেখ হাসিনা
প্রথম ক্ষমতা গ্রহণ করেন, তখন সরকারের মোট ঋণের পরিমাণ ছিল মাত্র ২ লাখ ৭৬ হাজার
কোটি টাকা। কিন্তু দীর্ঘ ১৫ বছরে মেগা প্রকল্পের আড়ালে অপরিকল্পিত ব্যয় ও দুর্নীতির
খতিয়ান দীর্ঘ হতে হতে ২০২৪ সালে ক্ষমতাচ্যুতির সময় সেই ঋণের পরিমাণ গিয়ে ঠেকেছে ১৯
লাখ কোটি টাকার পাহাড়সম ঘরে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর দায়িত্ব নেওয়া
বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও মাত্র এক অর্থবছরে ঋণ গ্রহণের পরিমাণ ৪ লাখ কোটি
টাকা ছাড়িয়ে গেছে। তবে বর্তমান প্রশাসন এই ঋণের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করে
বলছে—এই অর্থ কোনো নতুন আড়ম্বরপূর্ণ দৃশ্যমান উন্নয়নে খরচ হচ্ছে না, বরং বিগত
সরকারের রেখে যাওয়া গভীর ক্ষত ও বকেয়া সারাতে এই ঋণ নেওয়া বাধ্যতামূলক হয়েছে। বিশেষ
করে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিশাল অঙ্কের আন্তর্জাতিক বকেয়া পরিশোধ এবং দেশের
বৈদেশিক মুদ্রার রিজার্ভের আশঙ্কাজনক পতন ঠেকাতে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর মতো দাতা
সংস্থা থেকে দ্রুত বাজেট সহায়তা নিতে হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ এই প্রসঙ্গে তীব্র
আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘জনগণের জন্য সরকারের আসল ব্যয় করার ক্ষমতাই তো লোপ পেয়ে
যাচ্ছে। কারণ প্রতি বছর ঋণের কিস্তি আর সুদ শোধ করতেই যদি বাজেটের সিংহভাগ টাকা চলে
যায়, তবে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষার মতো মৌলিক খাতগুলোতে সরকার বিনিয়োগ
করবে কীভাবে? এই করের টাকা তো জনগণের ভাগ্য পরিবর্তনের কাজে লাগতে পারত।
২০২৯-৩০: অর্থনীতির সামনে অপেক্ষমাণ এক মহাক্রান্তিকাল: বাংলাদেশের অর্থনীতির জন্য
সবচেয়ে বড় অশনি সংকেতটি লুকিয়ে আছে আগামী কয়েক বছরের ঋণ পরিশোধের সূচিতে। অর্থনৈতিক
সম্পর্ক বিভাগের (ইআরডি) অভ্যন্তরীণ তথ্য বিশ্লেষণ করলে গা শিউরে ওঠার মতো এক
পরিসংখ্যান বেরিয়ে আসে। ২০২৫-২৬ থেকে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে মাত্র ৫ বছরের
ব্যবধানে বাংলাদেশকে মোট ২৫.৯৯ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। এর মধ্যে
আসল হিসেবে যাবে ১৮.৩৮ বিলিয়ন ডলার এবং কেবল সুদ বাবদ গুণতে হবে ৭.৬ বিলিয়ন ডলার।
সবচেয়ে বড় ধাক্কাটি আসবে ২০২৯-৩০ অর্থবছরে, যা হবে বাংলাদেশের ঋণ ইতিহাসের
সর্বোচ্চ চাপের বছর। শুধু ওই একটি বছরেই দেশকে প্রায় ৫.৫ বিলিয়ন ডলার পরিশোধ করতে
হবে।
অর্থনীতিবিদদের মতে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বিগত সরকারের নেওয়া বড় বড়
মেগা প্রকল্পের ‘গ্রেস পিরিয়ড’ বা ঋণের কিস্তি মওকুফের সময়সীমা আগামী বছরগুলোতে শেষ
হয়ে যাচ্ছে। ফলে এখন থেকে আসল টাকা পরিশোধের মূল পর্ব শুরু হবে। দুর্ভাগ্যের বিষয়
হলো, এই প্রকল্পগুলোর সিংহভাগই নির্ধারিত সময়ে শেষ হতে পারেনি এবং বিলম্বের কারণে
প্রকল্প ব্যয় বাড়লেও এগুলো থেকে এখনো কোনো অর্থনৈতিক সুফল বা রিটার্ন আসা শুরু
হয়নি। ফলে এই অনুৎপাদনশীল মেগা প্রকল্পগুলো এখন জাতীয় অর্থনীতির জন্য এক একটি
শ্বেতহস্তীতে পরিণত হয়েছে। গ্লোবাল মার্কেটে সুদের হার বৃদ্ধি পাওয়ায় সদ্য সমাপ্ত
অর্থবছরেও বাংলাদেশকে ইতিহাসের সর্বোচ্চ ৪০৯ কোটি ডলার ঋণ শোধ করতে হয়েছে, যা চলতি
বছর ৪.৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের
প্রেসক্রিপশন: কাঠামোগত সংস্কারই একমাত্র পরিত্রাণ রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে এক
ধরণের কাঠামোগত পক্ষাঘাত তৈরি হয়েছে, তা স্পষ্ট এনবিআরের আট মাসের হিসাবে। ৩ লাখ ৮৫
হাজার ৮৫২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে মাত্র ২ লাখ ৮৭ হাজার, ৮৬২
কোটি টাকা। এই বিশাল ঘাটতি ঢাকতে সরকার যখনই ব্যাংকিং খাত থেকে দেদারসে টাকা ধার
করছে, তখন বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ বা ক্রেডিট ফ্লো সংকুচিত হয়ে যাচ্ছে। এতে
নতুন বিনিয়োগ বন্ধ হচ্ছে, কলকারখানার চাকা শ্লথ হচ্ছে এবং কর্মসংস্থান থমকে গিয়ে
জিডিপি প্রবৃদ্ধিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে।এই মহাসংকট থেকে উত্তরণের জন্য
দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা একযোগে আমূল সংস্কারের দাবি জানিয়েছেন।
এনবিআরের সাবেক প্রধান ড. আব্দুল মজিদ বলেন, অর্থনীতিতে টাকা নেই—এ কথা সত্য নয়।
টাকা আছে, কিন্তু ট্যাক্স আদায় করা হচ্ছে না বা অনেকে দিচ্ছেন না। এই কর ফাঁকি ও
খেলাপি সংস্কৃতির বিরুদ্ধে সরকারকে অত্যন্ত স্বচ্ছ, কঠোর ও নির্মম পদক্ষেপ নিতে
হবে।
সিপিডির পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম সতর্ক করে বলেন, বাংলাদেশের কস্ট অব
বরোয়িং বা অর্থ ধার করার খরচ বহুগুণ বেড়েছে। আগে আমরা যেসব সহজ শর্তে ও রেয়াতি
সুদে ঋণ পেতাম, তা বন্ধ হয়ে এখন মিক্সড এপ্রোচ বা বাণিজ্যিক শর্তে কঠিন ঋণ নিতে
হচ্ছে। যেসব প্রকল্প থেকে রিটার্ন আসবে না, সেখানে ঋণ নেওয়া অবিলম্বে বন্ধ করতে
হবে।
সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বর্তমানের মূল এজেন্ডা নির্ধারণ করে
দিয়ে বলেন, বাংলাদেশ যেন কোনোভাবেই দেউলিয়া হওয়ার বা ঋণ ফাঁদে পড়ার সীমানায় না যায়,
সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকারকে সমস্ত রাজনৈতিক চাপ উপেক্ষা করে
অভ্যন্তরীণ সম্পদ আহরণ ও রাজস্ব আদায়ের দিকেই পুরো শক্তি উজাড় করে দিতে হবে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেনের মতে, টুকরো
টুকরো জোড়াতালি দিয়ে এই ক্ষত নিরাময় সম্ভব নয়। আমদানি-রপ্তানির ভারসাম্য,
রেমিট্যান্স প্রবাহের গতি বৃদ্ধি, ভর্তুকির যৌক্তিকীকরণ এবং রাজস্ব আদায়ের
সক্ষমতা—এই সবগুলোকে এক সুতোয় গেঁথে সামষ্টিক অর্থনীতির ওপর সামগ্রিক চাপ কোথায় তা
মূল্যায়ন করতে হবে। উন্নয়ন সহযোগীদের কাছ থেকে শুধু টাকা নেওয়া নয়, তাদের
অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমন্বিত ও কাঠামোগত অর্থনৈতিক সংস্কার এখন সময়ের দাবি।











