বলিউড সুপারস্টার আমির খান ব্যক্তিগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দিতে আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মুম্বাইয়ে আমিরের নিজস্ব বাসভবনে অত্যন্ত ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বৃহস্পতিবার মুম্বাইয়ে এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে
বলিউড সুপারস্টার আমির খান ব্যক্তিগত জীবনে নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ককে পূর্ণতা দিতে আগামী ৫ জুলাই গৌরী
স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। মুম্বাইয়ে আমিরের
নিজস্ব বাসভবনে অত্যন্ত ঘরোয়া পরিবেশে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের
আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বৃহস্পতিবার মুম্বাইয়ে এক চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে
উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে নিজেই এই বিয়ের খবর নিশ্চিত করেন ৬১ বছর বয়সী এই
অভিনেতা।
সংবাদ সংস্থা এএনআই-এর তথ্য অনুযায়ী, বিয়ের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে
আমির বলেন, “হ্যাঁ, ৫ জুলাই আমাদের বিয়ে। এটি খুবই ছোট পরিসরের একটি পারিবারিক
আয়োজন। দুই পরিবারের সদস্যদের নিয়েই বাসায় অনুষ্ঠান হবে।” জীবনের এই আনন্দময়
মুহূর্তে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং দোয়া চেয়ে তিনি বলেন, “সবাই আমাদের
জন্য আশীর্বাদ করবেন, যেন আমরা সুন্দর ও সুখী জীবন কাটাতে পারি।” এ সময় আমিরের পাশে
তাঁর বড় ছেলে জুনায়েদ খানকেও বেশ উৎফুল্ল দেখাচ্ছিল।
উল্লেখ্য, গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের বিষয়টি
প্রথমবারের মতো সবার সামনে প্রকাশ করেছিলেন আমির। তিনি জানিয়েছিলেন, গৌরীর সঙ্গে
তাঁর পরিচয় প্রায় ২৫ বছরের এবং দীর্ঘদিনের সেই মজবুত বন্ধুত্বই পরবর্তীতে প্রণয়ে
রূপ নেয়। জানা গেছে, গৌরী স্প্র্যাটের সাত বছর বয়সী একটি সন্তান রয়েছে। আমিরের এই
নতুন জীবন শুরুকে তাঁর পরিবারের সদস্যরাও ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
আমির খানের এটি হবে তৃতীয় বিবাহ। এর আগে ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন,
যার ১৬ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে ২০০২ সালে। রিনা ও আমিরের ঘরে জুনায়েদ ও
ইরা নামে দুই সন্তান রয়েছে। এরপর ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন,
যার বিচ্ছেদ হয় ২০২১ সালে। তবে বিচ্ছেদের পরও ছেলে আজাদের দায়িত্ব পালন এবং
ব্যক্তিগত সুসম্পর্ক বজায় রেখেছিলেন তাঁরা। গৌরীর সঙ্গে এই নতুন যাত্রার মাধ্যমে
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ তাঁর ব্যক্তিগত জীবনে নতুন বসন্তের আশা করছেন।











