দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০২৬ সালের জুন থেকে আগস্ট সময়কালীন এই বিশাল পরিমাণ জ্বালানি তেল ক্রয়ে সরকারের মোট ব্যয় হবে ১৭ হাজার ৩৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ
দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা পূরণ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ১১ লাখ
৫০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের জ্বালানি তেল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০২৬ সালের জুন থেকে আগস্ট সময়কালীন এই বিশাল পরিমাণ জ্বালানি তেল ক্রয়ে সরকারের
মোট ব্যয় হবে ১৭ হাজার ৩৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা
কমিটির বৈঠকে এ সংক্রান্ত পৃথক চারটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে চারটি
ভিন্ন প্যাকেজে এই পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে। প্রথম প্যাকেজের আওতায়
সিঙ্গাপুরের ইউনিপেক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড মোট ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন
জ্বালানি সরবরাহ করবে, যার মধ্যে ৩ লাখ ৯০ হাজার টন গ্যাস অয়েল ০.০০৫% ‘এস’ এবং ৯০
হাজার টন জেট এ-১ জ্বালানি রয়েছে। এই লটে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ
৪০ হাজার টাকা। দ্বিতীয় প্যাকেজে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড সরবরাহ
করবে ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন তেল। এর মধ্যে ৩ লাখ ৪০ হাজার টন গ্যাস অয়েল এবং ৮০
হাজার টন জেট এ-১ রয়েছে, যাতে ব্যয় হবে ৬ হাজার ৭১১ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।
অন্যান্য জ্বালানির মধ্যে তৃতীয় প্যাকেজের আওতায় সিঙ্গাপুরের ট্রাফিগুরা প্রাইভেট
লিমিটেড থেকে ১ হাজার ৯০০ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে ২ লাখ মেট্রিক টন ফার্নেস
অয়েল ১৮০ সিএসটি সংগ্রহ করা হবে। এছাড়া চতুর্থ প্যাকেজের অধীনে ভিটল এশিয়া থেকে আরও
৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন-৯৫ আনলোডেড আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার
ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪৮ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা।
উল্লেখ্য যে, পূর্ববর্তী জানুয়ারি-জুন সময়ের তুলনায় বর্তমান মেয়াদে জ্বালানি
আমদানির প্রিমিয়ামের হারে বড় ধরণের উল্লম্ফন দেখা গেছে। পরিসংখ্যানে দেখা যায়,
গ্যাস অয়েলের ক্ষেত্রে প্রিমিয়াম বৃদ্ধির হার প্রায় ৬৪ শতাংশ এবং জেট এ-১ এর
ক্ষেত্রে প্রায় ৫৪ শতাংশ। এছাড়া ফার্নেস অয়েল ও গ্যাসোলিনের প্রিমিয়ামও ৪৫ থেকে ৪৮
শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারের এই ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই
দেশের বিদ্যুৎ ও পরিবহন খাতের নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার এই
বিশাল অংকের ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এক গণমাধ্যম জানিয়েছে
যে, টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটির সুপারিশ ও প্রতিযোগিতামূলক দরের ভিত্তিতেই
সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানগুলোকে এই সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছে।











