বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা অনেক সময় মাঠের গণ্ডি ছাড়িয়ে ভয়াবহ রূপ ধারণ করে। সম্প্রতি কলম্বিয়ার উইঙ্গার হামিন্তন কাম্পাসের ঘটনাটি এর একটি নতুন উদাহরণ। সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করার পর থেকে এই ২৬ বছর বয়সী ফুটবলারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যে, নিজের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে
বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা অনেক সময় মাঠের গণ্ডি ছাড়িয়ে ভয়াবহ রূপ ধারণ করে।
সম্প্রতি কলম্বিয়ার উইঙ্গার হামিন্তন কাম্পাসের ঘটনাটি এর একটি নতুন উদাহরণ।
সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করার পর
থেকে এই ২৬ বছর বয়সী ফুটবলারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। পরিস্থিতি এতটাই
উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে যে, নিজের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে আত্মগোপনে
গেছেন তিনি।
সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে অতিরিক্ত সময়ে গোল করার একটি সুবর্ণ
সুযোগ পেয়েছিলেন কাম্পাস। কিন্তু তিনি সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। পরবর্তীতে
ম্যাচটি টাইব্রেকারে গড়ায় এবং সেখানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে
সুইজারল্যান্ড, যার ফলে বিশ্বকাপ থেকে বিদায় নেয় কলম্বিয়া। মূলত এই একটি সুযোগ মিস
করার কারণেই তাকে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, যদিও এবারের আসরে
উজবেকিস্তানের বিপক্ষে একটি গোল করেছিলেন তিনি।
ম্যাচ শেষে দলের সঙ্গে বোগোতাগামী নির্ধারিত বিমানে ওঠেননি কাম্পাস এবং এরপর থেকেই
তার অবস্থান নিয়ে রহস্য তৈরি হয়। আত্মগোপনে যাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যম
ইনস্টাগ্রামে একটি আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে তিনি জানান, ছোটবেলা থেকেই
কলম্বিয়ার জার্সি গায়ে জড়ানো, লাখো মানুষের প্রতিনিধিত্ব করা এবং বিশ্বকাপে গোল
করার স্বপ্ন দেখতেন তিনি। সমর্থকদের কাঙ্ক্ষিত আনন্দ এনে দিতে না পারায় দুঃখ প্রকাশ
করে তিনি বলেন, দেশের প্রতি তার নিবেদন ও ভালোবাসার কোনো কমতি ছিল না এবং মাঠে তিনি
তার সর্বোচ্চটাই দিয়েছেন।
কাম্পাসের এই ঘটনাটি কলম্বিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় ১৯৯৪
বিশ্বকাপের সেই মর্মান্তিক স্মৃতিকে পুনরায় সামনে এনেছে। সেবার বিশ্বকাপে আত্মঘাতী
গোল করার পর দেশে ফিরে খুন হয়েছিলেন কলম্বিয়ান ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার।
কাম্পাসের এমন হুমকিতে উদ্বেগ প্রকাশ করে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন হুমকিদাতাদের
কঠোর সমালোচনা করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দেশের প্রতিনিধিত্ব করার কারণে
কোনো ক্রীড়াবিদ বা তার পরিবারের সদস্যদের কখনোই এমন হুমকির মুখে পড়া উচিত নয়।
পাশাপাশি তারা কাম্পাস ও তার পরিবারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান
জানিয়েছে।











