বিশ্বজুড়ে শেয়ারবাজারের বড় ধরনের উত্থানের প্রভাবে গত এক বছরে প্রায় ২০ লাখ মানুষ নতুন করে মিলিয়নেয়ার বা লাখপতির তালিকায় নাম লিখিয়েছেন। ক্যাপজেমিনি ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী লাখপতির সংখ্যা ৭ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ২ কোটি ৫৩ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ ৮ দশমিক ৭ শতাংশ
বিশ্বজুড়ে শেয়ারবাজারের বড় ধরনের উত্থানের প্রভাবে গত এক বছরে প্রায় ২০ লাখ মানুষ
নতুন করে মিলিয়নেয়ার বা লাখপতির তালিকায় নাম লিখিয়েছেন। ক্যাপজেমিনি ওয়ার্ল্ড ওয়েলথ
রিপোর্টের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী লাখপতির সংখ্যা ৭ দশমিক ৯
শতাংশ বৃদ্ধি পেয়ে মোট ২ কোটি ৫৩ লাখে দাঁড়িয়েছে। একই সময়ে তাদের সম্মিলিত সম্পদের
পরিমাণ ৮ দশমিক ৭ শতাংশ বেড়ে ৯৮ দশমিক ৩ ট্রিলিয়ন বা ৯৮ লাখ ৩০ হাজার কোটি ডলারে
পৌঁছেছে, যা গত পাঁচ বছরের মধ্যে দ্রুততম প্রবৃদ্ধি। সিএনবিসি সূত্রে এ তথ্য
নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনটিতে লাখপতি বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে যাদের নিজস্ব আবাসস্থল ও
প্রয়োজনীয় ব্যক্তিগত সামগ্রী বাদে বিনিয়োগযোগ্য সম্পদের পরিমাণ কমপক্ষে ১০ লাখ
ডলার। গবেষণায় দেখা গেছে, সাধারণ লাখপতিদের তুলনায় অতিধনী বা
‘আল্ট্রা-হাই-নেট-ওয়ার্থ’ ব্যক্তিদের সম্পদের প্রবৃদ্ধি ছিল আরও বেশি। বিশেষ করে
যাদের ৩ কোটি ডলারের বেশি বিনিয়োগযোগ্য সম্পদ রয়েছে, তাদের সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ
বেড়ে আড়াই লাখে দাঁড়িয়েছে। এই অতিধনীরা মোট লাখপতিদের মাত্র ১ শতাংশ হলেও বিশ্বের
সম্মিলিত লাখপতি সম্পদের ৩৫ শতাংশই তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
ভৌগোলিক প্রেক্ষাপটে নতুন লাখপতি তৈরির দৌড়ে যথারীতি শীর্ষে অবস্থান করছে
যুক্তরাষ্ট্র। দেশটিতে গত বছর ৭ লাখ ৩০ হাজার নতুন লাখপতি যুক্ত হওয়ায় মোট সংখ্যা
দাঁড়িয়েছে ৮৭ লাখ ৩০ হাজারে। আমেরিকার পাশাপাশি এশিয়া অঞ্চলেও উল্লেখ্যযোগ্য
প্রবৃদ্ধি দেখা গেছে, যেখানে লাখপতির সংখ্যা ৯ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮৩ লাখ ৭০ হাজারে
উন্নীত হয়েছে। দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারের ৭৬ শতাংশ উত্থান এবং তাইওয়ানের চিপ
খাতের প্রভাবে এবার এশিয়ায় এই দুই দেশ নেতৃত্ব দিচ্ছে। ইউরোপে লাখপতি বেড়েছে সাড়ে ৬
শতাংশ, তবে মধ্যপ্রাচ্যে এই সংখ্যা ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে।
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতির কারণে ধনী ব্যক্তিরা এখন নগদ
অর্থ সঞ্চয় করার চেয়ে পুঁজিবাজারে বিনিয়োগে বেশি আগ্রহী হয়ে উঠছেন। একই সাথে আধুনিক
ধনীরা তাদের বিপুল সম্পদ সঠিক ব্যবস্থাপনার জন্য এখন আর কোনো একক প্রতিষ্ঠানের ওপর
নির্ভর না করে একাধিক বিশেষজ্ঞ ও পরামর্শক সংস্থার সেবা গ্রহণ করছেন।











